সর্বশেষ:

ধুনটে বিএনপির মিছিলে হামলায় আ.লীগ নেতা আল আমিন তরফদার গ্রেপ্তার - »

ধুনটে বিএনপির মিছিলে হামলায় আ.লীগ নেতা আল আমিন তরফদার গ্রেপ্তার

ধুনটে আল আমিন তরফদার (৫২) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার  করা হয়।

বুধবার (১৬ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে আল-আমিনকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। 

গ্রেপ্তার আল-আমিন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর ছিলেন। তিনি ধুনট পৌর এলাকার জিঞ্জিরতলা গ্রামের আজাহার আলী তরফদারের ছেলে।  

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২১ ডিসেম্বর বিএনপির নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল শেষে পথসভা করতে থাকেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে বিএনপির পথসভায় ককটেল হামলা ও ব্যানারে অগ্নিসংযোগ করেন। ওই ঘটনায় ১৮ অক্টোবর উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুন-নবী তালুকদার বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় আওয়ামী লীগের নেতাকর্মী ও ছয় শিক্ষকসহ ৮১ জনকে আসামি করা হয়।

এ ছাড়া ১৭ ফ্রেব্রুয়ারি সন্ধ্যায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল থেকে যুবদল নেতার ওপর ককটেল হামলা চালায়। ওই ঘটনায় ধুনট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন সেখ বাদী হয়ে ১৯ ফেব্রুয়ারি থানায় মামলা করে। ওই মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ নেতাকর্মীকে আসামি করা হয়। পৃথক এ দুটি মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে আল-আমিন তরফদারকে গ্রেপ্তার করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ‘এসব মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

সর্বশেষ সংবাদ