সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন ধুনটের কৃতিসন্তান ব্যারিস্টার আনোয়ারুল ইসলাম শাহীন। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনে প্রথমেই রয়েছে তাঁর নাম। শপথ গ্রহণের তারিখ হতে অনধিক ২ বৎসরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে তাকে নিয়োগদান করেছেন রাষ্ট্রপতি।
ব্যারিস্টার আনোয়ারুল ইসলাম শাহীন ধুনট সদরের বেলকুচি গ্রামের বাসিন্দা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে অনার্স করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। যুক্তরাজ্যের ইষ্ট লন্ডন ইউনিভার্সিটি থেকেও এলএলবি করেছেন। এরপর লন্ডন থেকে তিনি ‘বার অ্যাট ল’অর্জন করেন। প্রায় তিন দশক ধরে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তিনি কাজ করছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক নেতৃত্ব দিয়েছেন তিনি।
ধুনট উপজেলার দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ব্যারিস্টার স্কলারশীপ নামে মেধাবৃত্তি চালু করেন ব্যারিস্টার আনোয়ারুল ইসলাম শাহীন। বৃত্তি কার্যক্রমের পাশাপাশি প্রতিবছর সেরা শিক্ষক সম্মাননা প্রদান করেন তিনি। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পাঠাগারে আইন বিষয়কসহ বিভিন্ন বই প্রদান, শিক্ষা-ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন এবং বিপদগ্রস্ত মানুষের জন্য তিনি দীর্ঘদিন যাবত কাজ করে আসছেন। ধুনটবার্তা