সর্বশেষ:

ধুনটে খেলা দেখাকে কেন্দ্র করে অটোরিকশা চালককে ছুরিকাঘাত - »

ধুনটে খেলা দেখাকে কেন্দ্র করে অটোরিকশা চালককে ছুরিকাঘাত

ধুনট উপজেলায় টেলিভিশনে এশিয়া কাপ সুপার ফোরের ক্রিকেট খেলা দেখাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শাকিল হোসেন (২৪) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক আহত হয়েছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১২টায় উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারি গ্রামের এ ঘটনা ঘটে। আহত শাকিল হোসেন শৈলমারি গ্রামের তোতা মিয়ার ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশা চালক শাকিলের সঙ্গে প্রতিবেশী ইউসুব আলীর (২০) পূর্ব থেকে বিরোধ ছিল। শনিবার রাত ২টায় প্রতিবেশীর বাড়িতে অন্যান্য দর্শকের সঙ্গে ইউসুব আলী ও শাকিল হোসেন পাশাপাশি বসে টেলিভিশনে এশিয়া কাপ সুপার ফোরের বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ক্রিকেট খেলা দেখছিলেন। এ সময় দু’জনের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে অন্যান্য দর্শকের মাঝেই ইউসুব আলী ক্ষুব্ধ হয়ে শাকিলকে ছুরিকাঘাত করে। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে অবস্থার অবনতি হলে শাকিলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে ইউসুব আলী পলাতক রয়েছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

ধুনট থানার এসআই অমিত হাসান মাহমুদ বলেন, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ সংবাদ