সর্বশেষ:

রাতের আঁধারে সড়কে ঢালাই সকালেই উঠে গেছে কার্পেটিং - »

রাতের আঁধারে সড়কে ঢালাই সকালেই উঠে গেছে কার্পেটিং

ধুনট উপজেলার ভাণ্ডারবাড়ী-মরিচতলা হাট সড়কে তড়িঘড়ি করে রাতের আঁধারে রাস্তা কার্পেটিং করার অভিযোগ উঠেছে এক ঠিকাদারের বিরুদ্ধে। দায়সারাভাবে নিম্নমানের কাজ করায় পরদিন সকালে জুতার সঙ্গে উঠে যাচ্ছে সেই কার্পেটিং। স্থানীয়দের অভিযোগ, এ নিয়ে অভিযোগ করার পরও প্রতিকার পাচ্ছেন না। ফলে দুর্ভোগের শিকার হয়েছেন যানবাহন ও পথচারীরা। গতকাল শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা মিলেছে।

এলাকাবাসীর অভিযোগ, শুরু থেকে সড়কটিতে নিম্নমানের কাজ হচ্ছিল। স্থানীয়দের বাধা উপেক্ষা করে ঠিকাদার কাজ অব্যাহত রাখেন। কার্পেটিংয়ের পুরুত্ব যে পরিমাণ হওয়ার কথা ছিল তা করা হয়নি। বিটুমিনও কম দেওয়া হয়েছে। হাত দিয়ে টানলেই কার্পেটিং উঠে যাচ্ছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, উপজেলার ভাণ্ডারবাড়ী উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশ থেকে মরিচতলা হাট সড়কের ৪৪৫ মিটার অংশ পাকাকরণের সিদ্ধান্ত নেয় এলজিইডি। ২০২৩-২৪ অর্থবছরে সড়কটির নির্মাণকাজ পায় মেসার্স অন্তরা কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান। সড়কটির নির্মাণকাজের চুক্তি মূল্য ৩৭ লাখ ৭৩ হাজার ৬০৯ টাকা। চুক্তি অনুযায়ী, ২০২৪ সালের ২৩ মে কাজ শুরু করে ২০২৪ সালের ১০ নভেম্বর শেষ করার কথা ছিল। কিন্তু কাজের মেয়াদ অনেক দিন আগে শেষ হলেও সড়কের কাজ শেষ করতে পারেননি ঠিকাদারি প্রতিষ্ঠান। অবশেষে গত মঙ্গলবার রাতে তড়িঘড়ি করে শেষ করা হয়েছে সড়কের কাজ।

এ বিষয়ে ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ধুনট উপজেলা প্রকৌশলী বখতিয়ার হোসেন বলেন, ঠিকাদারের সঙ্গে কথা হয়েছে, দ্রুত সময়ের মধ্যে নতুন করে কার্পেটিং করে দেবেন। কালের কণ্ঠ

সর্বশেষ সংবাদ