করতোয়া নদীর ভয়াবহ ভাঙনে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর উত্তরপাড়া গ্রামের মাজেদা খাতুন। নদীগর্ভে শেষ আশ্রয় বিলীন হয়ে যাওয়ার পর তিনি খোলা আকাশের নিচে দিন-রাত কাটাচ্ছিলেন।
মানবিক এই বিপর্যয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে শেরপুর-ধুনট আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী, এসআর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বগুড়া জেলা বিএনপি নির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানীর।
তিনি রোববার (১০ আগস্ট) তার প্রতিনিধিকে পাঠিয়ে মাজেদা খাতুনের খোঁজখবর নেন এবং বর্ষা মৌসুমে আশ্রয়ের জন্য নিজস্ব অর্থায়নে একটি ঘর নির্মাণের উদ্দেশ্যে ৩ বান্ডিল টিন প্রদান করেন।
এ সময় আসিফ সিরাজ রব্বানীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সুঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির বিপ্লব, সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ, শেরপুর উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি সদস্য বাবলু সরকার, সাবেক আহ্বায়ক গোলাম রব্বানী বুলু, সুঘাট ইউনিয়ন যুবদলের সভাপতি তরিকুল ইসলাম মানু, সুঘাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম রেজা, ভবানীপুর ইউনিয়ন যুবদল নেতা আবু তাহের, ওয়ার্ড সভাপতি নুরুল আমিন ও জিএম সম্রাট।
উল্লেখ্য, করতোয়া নদীর পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের কাশিয়াবালা এলাকায় ৩টি এবং সুঘাট ইউনিয়নের বিনোদপুর ও মোহনা এলাকায় অন্তত ৫টি স্থানে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে প্রায় ৫০টি বাড়ি, একটি এতিমখানা, একটি হাফেজিয়া মাদ্রাসা ও একমাত্র কবরস্থান ভাঙনের হুমকির মুখে রয়েছে। বিশেষ করে বিনোদপুর উত্তরপাড়া গ্রামের মাজেদা খাতুন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। নিউজজি