সর্বশেষ:

ধুনটে চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার - »

ধুনটে চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার

ধুনট উপজেলায় অভিযান চালিয়ে চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে সিএনজি চালিত একটি অটোরিকশা, পুলিশের লোগো, ব্যাগ, আইডি কার্ড ও দেড় কেজি গাঁজা জব্দ করা হয়।

রবিবার দুপুরে ১টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাতে উপজেলার মথারপুর বাজারের জিরো পয়েন্ট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- জামালপুর জেলা সদরের পূর্ব ফুলবাড়িয়া গ্রামের চাকরিচ্যুত পুলিশ সদস্য শাহাদত হোসেন (২৮), বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর মাকরকোলা গ্রামের আব্দুল কুদ্দুস (২৬) ও একই এলাকার ওমর ফারুক (২৭)।

ধুনট থানায় মামলা সূত্রে জানা যায়, গ্রেপ্তার শাহাদত, ফারুক ও কুদ্দুস দেশের বিভিন্ন এলাকায় পাইকারি মাদক কারবারিদের কাছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সরবরাহ করে থাকে। নিজেদের পুলিশ পরিচয় দিয়ে নিরাপদে এসব মাদক পৌঁছে দেয়। তারই ধারাবাহিকতায় তারা শনিবার রাতে শেরপুরের চান্দাইকোনা বাজার এলাকা থেকে অটোরিকশা নিয়ে মথুরাপুর বাজারের দিকে রওনা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মধ্যরাতে মথুরাপুর জিরো পয়েন্ট এলাকায় সেই অটোরিকশার গতিরোধ করে। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে পুলিশ লেখা কাঁধে ঝুলানো ব্যাগের ভেতর দেড় কেজি গাঁজা জব্দ করে। এছাড়া তাদের কাছে পুলিশের লোগো ও আইডি কার্ড পাওয়া যায়।

আরও জানা যায়, স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় ২০২৩ সালে সুনামগঞ্জ জেলায় কর্মরত পুলিশ সদস্য শাহাদত হোসেন চাকরিচ্যুত হয়েছে। এরপর থেকে শাহাদত মাদক কারবার চক্রের সঙ্গে জড়িয়ে পড়ে। তিনি পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় অবাধে মাদক ব্যবসা করে আসছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ চক্রের অন্য সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ সংবাদ